কক্সবাজারের টেকনাফ উপজেলার শিলখালীর সংরক্ষিত বনে আটটি গুলির চিহ্নসহ একটি হাতি উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। একইসঙ্গে আহত হাতিটির উন্নত চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে জরুরি ভিত্তিতে কার্যকর নজরদারি ও দ্রুত সাড়াদান ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছে বেলা।
এ বিষয়ে আজ ১৯ নভেম্বর ২০২৬ তারিখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, প্রধান বন সংরক্ষকসহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে পত্র পাঠিয়েছে বেলা।
পত্রে বেলা জানায়, টেকনাফের একটি লোকালয় থেকে প্রায় চার কিলোমিটার গভীরে শিলখালীর সংরক্ষিত বনে বন বিভাগের সদস্যরা হাতিটিকে গুলিবিদ্ধ অবস্থায় খুঁজে পান। বন বিভাগের তথ্য অনুযায়ী, হাতিটির শরীরে আটটি গুলির চিহ্ন রয়েছে এবং উদ্ধারের আগে টানা তিন দিন ধরে এটি আহত অবস্থায় বনে ঘুরে বেড়াচ্ছিল। টেকনাফ হাতির একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল। বন বিভাগের তথ্যমতে, যে বনে হাতিটিকে পাওয়া গেছে, সেখানে টেকনাফের মানব পাচারকারী ও রোহিঙ্গা অস্ত্রধারীদের আস্তানা রয়েছে। ধারণা করা হচ্ছে, আস্তানার আশপাশে চলে আসার কারণে হাতিটিকে গুলি করা হয়ে থাকতে পারে।
বাংলাদেশে যে কয়েক ধরনের হাতি রয়েছে তার মধ্যে এশীয় প্রজাতির হাতি অন্যতম। মূলত কুড়িগ্রাম, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার জেলাসমূহে এ হাতির বিচরণ পরিলক্ষিত হয়। আইইউসিএন এর তথ্য অনুযায়ী, এ প্রজাতির হাতি বর্তমানে বিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে। হাতির নিরাপদ আবাস্থল ও নিরাপত্তা না থাকা, বিচরণক্ষেত্র ও চলাচলের পথের (করিডোর) সংকোচন, অব্যাহত বনাঞ্চল উজাড়, খাদ্য সংকট ইত্যাদি নানা কারণে বিপন্ন প্রাণীর তালিকায় থাকা হাতির সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে।
বন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত এক দশকে কক্সবাজারে গুলিতে নয়টি হাতির মৃত্যু হয়েছে। তবে সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এ সংখ্যা ১৮। বন বিভাগের নথিতে গুলিবিদ্ধ হাতি হত্যার ঘটনা কম উঠে এলেও মাঠপর্যায়ের বন কর্মকর্তা এবং হাতির ময়নাতদন্তে যুক্ত সার্জনদের তথ্য অনুযায়ী, কক্সবাজারে হত্যার শিকার হাতিগুলোর ময়নাতদন্তে অন্তত ৭০ শতাংশের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে।
বেলা মনে করে, বিপন্ন প্রজাতির হাতি নিয়মিত গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বন্যপ্রাণী সুরক্ষা ও ব্যবস্থাপনায় গুরুতর ঘাটতির ইঙ্গিত দেয়। বিশেষ করে একটি হাতি টানা তিন দিন গুলিবিদ্ধ অবস্থায় বনে পড়ে থাকার ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি, জরুরি উদ্ধার ও চিকিৎসা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে। বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর কার্যকর উপস্থিতি ও সময়মতো হস্তক্ষেপ নিশ্চিত করা জরুরি।
এ অবস্থায় বেলা শিলখালীর সংরক্ষিত বনে হাতি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা ও যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। পাশাপাশি আহত হাতিটির উন্নত চিকিৎসা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর মনিটরিং ও দ্রুত রেসপন্স ব্যবস্থা জোরদার করা এবং বিপন্ন এশীয় প্রজাতির হাতিসহ দেশের সব হাতির নিরাপদ আবাসস্থল ও নির্বিঘ্ন বিচরণক্ষেত্র নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বেলা।




