-প্রেস বিজ্ঞপ্তি-
আজ (৩ মে, ২০২৬) বগুড়া জেলার শেরপুর উপজেলার রাজাপুর ও চঙ্কা গ্রামে অবস্থিত এস. আর. কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং মজুমদার প্রোডাক্টস লিমিটেড নামক ফুলজোড়, করতোয়া ও বাঙ্গালী নদী দূষণকারী দু‘টি শিল্প কারখানা কর্তৃক পরিচালিত অননুমোদিত, ঝুঁকিপূর্ণ ও দূষণ কার্যক্রম বন্ধে বিবাদীগণের ব্যর্থতা সংবিধান এবং প্রচলিত আইনের পরিপন্থী হওয়ায় কেন তা বেআইনি, আইনগত কর্তৃত্ববিহীন ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে বিবাদীগণের উপর রুল জারি করেছেন মহামান্য আদালত। জারীকৃত রুলে আদালত পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৪ক এর অধীনে উল্লেখিত প্রতিষ্ঠান দু‘টির বিপজ্জনক কার্যক্রম প্রতিরোধের ও ফুলজোড়, করতোয়া ও বাঙ্গালী নদীসমূহকে পূনরায় দূষণ থেকে রক্ষার নির্দেশ কেন প্রদান করা হবে না তাও জানতে চেয়েছেন।
রুল জারীর পাশাপাশি এস. আর. কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ দায়েরকৃত রীট পিটিশন (নং ৪৮৮৬/২০২৪) এবং মজুমদার প্রোডাক্টস লিমিটেড দায়েরকৃত রীট পিটিশন (নং ১৩৪৫১/২০২৪) এরসাথে বর্তমান মামলাটি একই সাথে শুনানীর জন্য রেখেছেন আদালত।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) কর্তৃক দায়েরকৃত এক জনস্বার্থমূলক মামলা (রীট নং-৪৫৩৮/২০২৬) এর প্রাথমিক শুনানি শেষে জনাব বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও জনাব বিচারপতি আবদুর রহমান-এর সমন্বয়ে গঠিত মহামান্য হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ রুলটি জারি করেন।
উল্লেখ্য, ফুলজোড়, করতোয়া ও বাঙ্গালী নদী সংলগ্ন বগুড়া জেলার শেরপুর উপজেলায় “এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ” ও “মজুমদার প্রোডাক্টস লিমিটেড (রাইস ব্রান অয়েল)” নামক দুইটি শিল্প কারখানা গড়ে উঠেছে। শিল্প প্রতিষ্ঠান দুটির অপরিশোধিত বর্জ্যে করতোয়া, বাঙ্গালী এবং ফুলজোড় নদী ও নদীর জীববৈচিত্র্য চরম অস্তিত্ব সংকটে। ফলশ্রæতিতে নদীর বিভিন্ন স্থানে মাছ মরে ভেসে উঠছে এবং সাপ, ব্যাঙ, কাঁকড়া, শামুকসহ বিভিন্ন জলজ প্রাণি মারা যাচ্ছে। সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া, মহেশপুর ও চান্দাইকোনা ইউনিয়নের বেড়াবাজুয়া এলাকায় নদীর পানির রং বদলে গেছে এবং দুর্গন্ধযুক্ত দূষিত পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। দূষণের অভিযোগে প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন সময়ে জড়িমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সেইসাথে বগুড়া ও সিরাজগঞ্জ জেলার মধ্য দিয়ে প্রবাহিত ফুলজোড় নদীর ২৫ কিলোমিটার এলাকার পানি দুষণ মুক্ত রাখতে গঠিত টেকনিক্যাল কমিটি এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠানকে ১১টি আবশ্য পালনীয় নির্দেশনা বাস্তবায়নের সুপারিশ করলেও প্রতিষ্ঠানটি তা বাস্তবায়ন না করে দূষণ কার্যক্রম অব্যাহত রেখেছে। শিল্প প্রতিষ্ঠান দুটির অব্যাহত দূষণ থেকে করতোয়া, বাঙ্গালী এবং ফুলজোড় নদী ও নদীর জীববৈচিত্র্য রক্ষায় বেলা উল্লেখিত জনস্বার্থমূলক মামলা দায়ের করে।
মামলার বিবাদীগণ হলেনÑ সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়; সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; চেয়ারম্যান, জাতীয় নদী রক্ষা কমিশন; মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর; জেলা প্রশাসক, সিরাজগঞ্জ, বগুড়া; পুলিশ সুপার, সিরাজগঞ্জ, বগুড়া; পরিচালক, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট, পরিবেশ অধিদপ্তর; পরিচালক, পরিবেশ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়; ব্যবস্থাপনা পরিচালক, এস. আর. কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং মজুমদার প্রোডাক্টস লিমিটেড।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট মিনহাজুল হক চৌধুরী ও এডভোকেট এস. হাসানুল বান্না এবং তাঁদেরকে সহায়তা করেন এডভোকেট রুমানা শারমিন।
আরও তথ্যের জন্য যোগাযোগ করুন-
এস. হাসানুল বান্না
এডভোকেট, বাংলাদেশ সুপ্রীমকোর্ট
ও
আইনজীবী, বেলা।
মোবাইল: ০১৮৩৩০২৬২৬২
তারিখ: ০৩ মে, ২০২৬

